২০২৫-২৬ অর্থবছরের শুরুতে দেশের সরকারি গুদামগুলোতে মোট চাল ও গমের মজুদ দাঁড়িয়েছে ১৭.৬৪ লাখ মেট্রিক টনে, যা গত অর্থবছরের একই সময়ের তুলনায় প্রায় ৩ লাখ মেট্রিক টন বেশি।
খাদ্য মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্য অনুযায়ী, ২০২৪ সালের ১ জুলাই দেশে মোট চাল ও গমের মজুদ ছিল ১৪.৭৩ লাখ মেট্রিক টন। এর মধ্যে চালের মজুদ ছিল ১০.৬০ লাখ মেট্রিক টন এবং গমের মজুদ ছিল ৪.১৩ লাখ মেট্রিক টন।
চলতি অর্থবছরের শুরুতে চালের মজুদ বেড়ে হয়েছে ১৫.৪১ লাখ মেট্রিক টন। অভ্যন্তরীণ সংগ্রহ কার্যক্রম এবং আমদানির কারণে চালের মজুদে এই উল্লেখযোগ্য বৃদ্ধি ঘটেছে।
তবে, গমের মজুদ কমে দাঁড়িয়েছে ২.২৩ লাখ মেট্রিক টনে। মন্ত্রণালয় জানিয়েছে, অভ্যন্তরীণ উৎস থেকে সংগৃহীত ও আমদানিকৃত গমের তুলনায় বিতরণ বেশি হওয়ায় গমের মজুদ হ্রাস পেয়েছে।
খাদ্য নিরাপত্তা নিশ্চিতে সরকারের মজুদ পরিকল্পনা সফলভাবে বাস্তবায়িত হচ্ছে বলেও মন্ত্রণালয় সূত্রে জানা গেছে। চলমান কর্মসূচির আওতায় ভর্তুকিমূল্যে খাদ্য বিতরণ ও মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত রয়েছে।