চট্টগ্রামের সীতাকুণ্ডে দীর্ঘদিন ধরে অবৈধভাবে দখল করে রাখা ১১৩ দশমিক ৬৩ একর সরকারি বনভূমি আজ পুনরুদ্ধার করেছে উপকূলীয় বন বিভাগ, চট্টগ্রাম। তুলাতলী মৌজায় অবস্থিত উক্ত জমি কোহিনুর শিপইয়ার্ড কর্তৃক দখল করা হয়েছিল বলে জানা গেছে।
বিএস ০১ নম্বর খতিয়ানের ৪৯৪ নম্বর দাগভুক্ত জমিতে পরিচালিত এই বিশেষ উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেন সহকারী বন সংরক্ষক, সদর। অভিযানে অংশ নেন উপকূলীয় বন বিভাগের সদর, সীতাকুণ্ড ও মীরসরাই রেঞ্জের মোট ৩০ জন কর্মকর্তা-কর্মচারী। এছাড়া সহযোগিতা করে সীতাকুণ্ড উপজেলা প্রশাসন, বাংলাদেশ সেনাবাহিনী, র্যাব, পুলিশ, চট্টগ্রাম সিটি কর্পোরেশন এবং বিদ্যুৎ বিভাগের শতাধিক সদস্য।
অভিযানের সময় একটি দুইতলা ভবনসহ একাধিক অবৈধ স্থাপনা এবং প্রবেশপথের দুইটি গেট সম্পূর্ণরূপে গুঁড়িয়ে দেওয়া হয়।
উদ্ধারকৃত বনভূমিতে তাৎক্ষণিকভাবে বন বিভাগ ১২০০টি বনজ গাছের চারা রোপণ করে, যার মধ্যে রয়েছে:
৬০০টি ঝাউ,
৪০০টি করমজা,
২০০টি হিজল।
দিনব্যাপী এই অভিযান সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে সফলভাবে শেষ হয়।
বনভূমি রক্ষায় সরকারের ঘোষিত ‘জিরো টলারেন্স’ নীতির আওতায় এই অভিযান পরিচালিত হয়েছে বলে জানায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। ভবিষ্যতেও বন দখলকারীদের বিরুদ্ধে এ ধরনের কঠোর অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।