২০২৬ এশিয়ান কাপের চূড়ান্ত পর্বে বাংলাদেশ নারী ফুটবল দলের প্রথমবারের মতো জায়গা করে নেওয়ার ঐতিহাসিক সাফল্যে গভীর অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস।
এক অভিনন্দন বার্তায় তিনি বলেন,
“এই অর্জন শুধু নারী ফুটবলের নয়, বরং গোটা জাতির জন্য গর্বের। এটি আমাদের সম্ভাবনা, প্রতিভা ও অদম্য চেতনার একটি অনন্য উদাহরণ।”
প্রধান উপদেষ্টা আশা প্রকাশ করেন, এই সাফল্য বাংলাদেশের ভবিষ্যৎ প্রজন্মকে অনুপ্রাণিত করবে এবং আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনে দেশের মর্যাদা আরও সুদৃঢ় করবে।
তিনি বলেন, “আমাদের মেয়েরা আজ প্রমাণ করেছে—প্রচেষ্টা, অধ্যবসায় ও আত্মবিশ্বাস থাকলে বিশ্ব মঞ্চেও তারা মাথা উঁচু করে দাঁড়াতে পারে। এ অর্জন নারী ক্ষমতায়নের ক্ষেত্রেও এক নতুন দিগন্ত উন্মোচন করল।”
তিনি খেলোয়াড়, কোচিং স্টাফ, কর্মকর্তাসহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান এবং তাদের ভবিষ্যৎ পথচলার জন্য শুভকামনা জানান।