নিজস্ব প্রতিবেদকঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের আওতাধীন এলাকায় পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের লক্ষ্যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) এবং বন অধিদপ্তরের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।
মঙ্গলবার নগর ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে এই চুক্তি স্বাক্ষর করেন ডিএসসিসির সচিব মো. শফিকুল ইসলাম এবং বন অধিদপ্তরের ঢাকা সামাজিক বন সার্কেলের বন সংরক্ষক হোসাইন মুহম্মদ নিশাদ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিএসসিসির প্রশাসক মো. শাহজাহান মিয়া।
চুক্তি অনুযায়ী, আগামী ৫ বছরের মধ্যে ঢাকা দক্ষিণ সিটির নির্বাচিত এলাকায় ল্যান্ডস্কেপ উন্নয়ন, জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলা ও দূষণ নিয়ন্ত্রণে নগর বনায়নের কার্যক্রম গ্রহণ করা হবে। ডিএসসিসির অর্থায়নে পরিচালিত এই উদ্যোগে বন অধিদপ্তর কারিগরি পরামর্শ ও সার্বিক সহযোগিতা প্রদান করবে।
চুক্তির আওতায় প্রথম পর্যায়ে, দক্ষিণ সিটি কর্পোরেশনের আওতাধীন ৮১.১০ কিলোমিটার দৈর্ঘ্যের ৩৫টি মিডিয়ানের মধ্যে ৬টি মিডিয়ানে, প্রায় ১৬ কিলোমিটারজুড়ে ঘাস ও গাছ রোপণ করা হবে।
অনুষ্ঠানে প্রশাসক মো. শাহজাহান মিয়া বলেন,
“১৯১৭ সালের প্রস্তাবনায় বলা হয়েছিল, ঢাকা হবে বাগানের শহর। কিন্তু আজ অনিয়ন্ত্রিত নগরায়ন ও জনসংখ্যা বিস্ফোরণের কারণে সবুজ হারিয়ে যাচ্ছে। আমরা যদি এখনই কার্যকর ব্যবস্থা না নেই, তাহলে ঢাকা একটি পরিত্যক্ত নগরীতে রূপ নেবে।”
তিনি আরও জানান, আগামী অর্থবছরে বৃক্ষরোপণ কার্যক্রমে ৫০ লাখ টাকা বরাদ্দ রাখা হয়েছে। এ উদ্যোগ সফল করতে স্থানীয় জনগণের অংশগ্রহণ নিশ্চিত করা হবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা ড. জিল্লুর রহমান, বন অধিদপ্তরের উপ-প্রধান বন সংরক্ষক ড. মো. জগলুল হোসেনসহ উভয় প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মকর্তারা।