নিজস্ব প্রতিবেদকরাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকা থেকে এক দুর্ধর্ষ ডাকাতি মামলায় বিপুল পরিমাণ বিদেশী মুদ্রাসহ সাতজনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। ডাকাতির পরিপ্রেক্ষিতে তেজগাঁও শিল্পাঞ্চল থানা পুলিশের তৎপরতায় এবং তথ্য-প্রযুক্তি ব্যবহার করে আসামীদের সন্ধান ও গ্রেফতার সম্ভব হয়।
ঘটনা ঘটে গত ১ জুলাই বিকেল আনুমানিক ৬:২৫ মিনিটে, তেজগাঁও শিল্পাঞ্চল থানাধীন কেন্দ্রীয় ঔষধাগারের মেইন গেইটের উত্তর পার্শ্বের যাত্রী ছাউনির সামনে। আনুমানিক ১০ থেকে ১২ জন মুখোশধারী ডাকাত দেশীয় অস্ত্রশস্ত্রসহ একটি প্রাইভেট কারের গতিরোধ করে প্রায় এক কোটি চৌষট্টি লক্ষ টাকা মূল্যের বিদেশি মুদ্রাসহ একটি লাগেজ ছিনিয়ে নেয়।
লুট হওয়া মুদ্রার মধ্যে ছিল:
৪,৯১,৫০০ সৌদি রিয়াল
৪০০ ওমানি রিয়াল
৩০ কুয়েতি দিনার
১২,৩৫০ সংযুক্ত আরব আমিরাত দিরহাম
ডিবি তেজগাঁও বিভাগ ও থানা পুলিশ তথ্য ও সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে ঘটনার সঙ্গে জড়িত থাকার সন্দেহে মেসার্স এম এম আয়াত ট্যুরস এন্ড ট্রাভেলসের কর্মচারী মোঃ তুহিন (২৮) কে আটক করে। তুহিনের জিজ্ঞাসাবাদে জানা যায়, তিনি ও তার সহযোগীরা পূর্বপরিকল্পনা অনুযায়ী এই ডাকাতির ঘটনা সংঘটিত করে। তুহিন নিজে রাইড শেয়ারিং প্রাইভেট কারে বিদেশি মুদ্রা ভর্তি লাগেজ নিয়ে চলার সময় লাইভ লোকেশন হোয়াটসঅ্যাপে শেয়ার করে। এরপর সহযোগীরা প্রাইভেট কারের পথরোধ করে এই অর্থ ছিনিয়ে নেয়।
পরে ঢাকার বিভিন্ন এলাকা থেকে অভিযান চালিয়ে পুলিশ তালহা নূর (৩৫), শারমিন (২৫), মোঃ শাহিন শিকদার (৩৭), ইয়াসিন আরাফাত (৩৬), মোঃ রফিকুল ইসলাম (৩৬) ও মোঃ শুভ হাওলাদার (২৫) সহ মোট ৭ জনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতদের কাছ থেকে লুন্ঠিত ২,৬৯,২৪০ সৌদি রিয়াল উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য বাংলাদেশী টাকায় ৮৮,৮৪,০০০ টাকা।
তেজগাঁও শিল্পাঞ্চল থানায় ডাকাতির ঘটনায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন। এ ছাড়াও পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বাকিদের ধরার জন্য এবং বাকি বিদেশি মুদ্রা উদ্ধারের জন্য।