মোঃ দেলোয়ার হোসেনবর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী আজ পিলখানাস্থ বিজিবি সদর দপ্তরের বকুলতলা প্রাঙ্গণে ‘বৃক্ষরোপণ অভিযান-২০২৫’ এর উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একটি বকুল গাছের চারা রোপণ করে এই সপ্তাহব্যাপী অভিযানের শুভ সূচনা করেন।
উদ্বোধনী বক্তব্যে মহাপরিচালক বলেন, “আমরা আজ একটি মহৎ উদ্দেশ্যে একত্রিত হয়েছি। এক বছর আগে জুলাই মাসে ছাত্র-জনতার গণঅভ্যুত্থান ও আন্দোলনের মধ্য দিয়ে নতুন যুগের সূচনা হয়েছে, যার মাধ্যমে দেশকে এগিয়ে নিতে ও গড়ে তুলতে সবাই কাজ করছে।” তিনি এ সময় জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের আত্মার মাগফেরাত কামনা এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন।
২০২৫ সালের জাতীয় বৃক্ষরোপণ অভিযানের প্রতিপাদ্য ‘পরিকল্পিত বনায়ন করি, সবুজ বাংলাদেশ গড়ি’। এই প্রতিপাদ্যকে সামনে রেখে মহাপরিচালক বিজিবির সদর দপ্তরসহ সারাদেশের সব স্থাপনায় গাছ রোপণের প্রয়োজনীয়তা এবং সঠিক পরিচর্যার ওপর গুরুত্বারোপ করেন। তিনি সবাইকে পরিকল্পিত ও যত্নসহকারে বৃক্ষরোপণ কার্যক্রম সম্পন্ন করার জন্য আহ্বান জানান।