মোঃ দেলোয়ার হোসেনরাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় সংঘটিত আলোচিত ডাকাতির ঘটনায় আরও ছয়জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। অভিযানে গ্রেফতারকৃতদের হেফাজত হতে লুণ্ঠিত ১,৩০,৫০০ সৌদি রিয়াল এবং ডাকাতির কাজে ব্যবহৃত তিনটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।
ডিএমপি সূত্রে জানা যায়, গত ১ জুলাই ২০২৫ তারিখে সন্ধ্যা ৬টা ২৫ মিনিটের সময় তেজগাঁও শিল্পাঞ্চলের কেন্দ্রীয় ঔষধাগারের প্রধান গেটের উত্তর পার্শ্বে যাত্রী ছাউনির সামনে মেসার্স এম এম আয়াত ট্যুরস অ্যান্ড ট্রাভেলস এর নগদ অর্থ ডাকাতির ঘটনা ঘটে।
১. মোঃ আব্দুল্লাহ আল মামুন (২৫)
২. মোঃ আরিয়ান (১৯)
৩. মোঃ সাব্বির হোসেন (২০)
৪. মোঃ জাহিদুল ইসলাম সোহাগ (২৫)
৫. মোঃ জয় (২৩)
৬. মোঃ বিজয় (২০)
তদন্ত সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গত ২৪ ঘন্টায় ডিবি ও তেজগাঁও শিল্পাঞ্চল থানার যৌথ অভিযানে রাজধানীর গ্রীন রোড, ভোলার চরফ্যাশন এবং কিশোরগঞ্জের নিকলী এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
উল্লেখ্য, এর আগে এই একই ঘটনায় আরও ৭ জনকে গ্রেফতার করে পুলিশ। এ নিয়ে ডাকাতির ঘটনায় এখন পর্যন্ত মোট ১৩ জন গ্রেফতার হয়েছে এবং প্রায় ৪ লক্ষ সৌদি রিয়াল উদ্ধার করা হয়েছে। এছাড়া ডাকাতির কাজে ব্যবহৃত তিনটি মোটরসাইকেলও জব্দ করা হয়েছে।
ডিএমপি জানিয়েছে, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।